কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী

- প্রকাশের সময় : ১২:১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 2

সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে জানিয়ে সেই উসকানিতে পা না দিতে গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। যারা থানায় আগুন দিয়েছে, পুলিশের ওপর হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে। তারা ওখানে গিয়েই কেবল থানায় হামলা করতে পারে এবং আমাদের একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা করেছে। আমাদের (বিএনপির) সমর্থকদের দোকানপাটে হামলা করেছে। এটাই তাদের চরিত্র। আগুন লাগানো তাদের স্বভাব, আগুন দিয়ে মানুষ পোড়ানো তাদের স্বভাব।’
মাইকে ঘোষণা দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলার আহ্বান জানানো ব্যক্তিদের প্রত্যেককে যাচাই-বাছাই করে আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘হামলাকারীদের ভিডিও ও ঘটনার ফুটেজ সরকারের কাছে রয়েছে। আজ হোক বা কাল, প্রত্যেককে শনাক্ত করে আইনের হেফাজতে নেওয়া হবে।’
সালাহউদ্দিন বলেন, ‘দুষ্কৃতিকারীরা যদি মনে করে, তাদের ভিডিও রেকর্ড ও ফুটেজ আমাদের কাছে নেই, তাহলে তারা ভুল করবে। যারা থানায় হামলা করেছে, গাড়ি জ্বালিয়েছে এবং নৈরাজ্য সৃষ্টি করেছে, আজ অথবা কাল প্রত্যেক দুষ্কৃতিকারীকে শনাক্ত করে আইনের হেফাজতে নেওয়া হবে।’
সংসদে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্যের বিষয়ে তিনি বলেন, ‘এগুলো আওয়ামী চরিত্র। আওয়ামী চরিত্রের মধ্যে সভ্যতা নেই, ভব্যতা নেই, ভদ্রতা নেই, গণতন্ত্র নেই। তাদের চরিত্রে কেবল স্বৈরাচার ও ফ্যাসিবাদী আচরণ রয়েছে। তারা এসব করেই যাবে। এর মাধ্যমে তারা প্রমাণ করছে, বাংলাদেশের জন্য তারা অপাঙক্তেয়।’
























