‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক
- প্রকাশের সময় : ০৯:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 5
সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দায়ের করা দুই মামলায় চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো: তানজির আহমেদ এ তথ্য জানান।
দুদক জানায়, সজেকা, ঢাকা-১-এর মামলা নম্বর ১৬ (১৭ ডিসেম্বর ২০২৪) এ হারুন অর রশীদের বিরুদ্ধে ২১ কোটি ২৮ লাখ নয় হাজার ৬০৫ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে ব্যয় বাদে তার বৈধ আয় এক কোটি ২৯ লাখ ১৫ হাজার ছয় টাকা হারুনের বিরুদ্ধে ১৯ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার ৫৯৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুদক।
অন্যদিকে, ১৮ নম্বর মামলায় হারুন অর রশীদ ও তার ভাই এ বি এম শাহারিয়ারকে আসামি করা হয়েছে। এ মামলায় শাহারিয়ারের ১৮ কোটি ২৮ লাখ সাত হাজার ৫৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুদক। এছাড়া হারুনের কাছ থেকে হেবা সূত্রে এক হাজার ৮৫০ শতাংশ জমি পাওয়াসহ সম্পদ স্থানান্তর ও মানিলন্ডারিংয়ের সত্যতাও পাওয়া গেছে।
দুদক জানায়, মামলা দু’টির তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। তদন্তে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পদ, আয়কর নথি ও ব্যাংক লেনদেন পর্যালোচনা করা হয়েছে।
মামলা দু’টিতে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের পাশাপাশি অপরাধলব্ধ সম্পদের অবৈধ উৎস গোপন, সম্পদ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের সত্যতা পাওয়া গেছে।
হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশিট দেয়া হয়েছে।
আর এ বি এম শাহারিয়ারের বিরুদ্ধে এসব ধারার পাশাপাশি দণ্ডবিধির ১০৯ ধারায় চার্জশিট দেয়া হয়েছে। বাসস



















