অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগ
- প্রকাশের সময় : ০৯:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 5
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞাসহ পাঁচজন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা। পদত্যাগ করা অন্য চারজন হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সুলতানা আকতার রুবি ও মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) মোছা. রোহানী সিদ্দীকা ও প্রোজ্জল চাকমা।
জানা গেছে, গত অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের ১৩ আগস্ট মুহাম্মদ আবদুল জব্বার ভূঞাকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে তিনি ওই দায়িত্ব পালন করে আসছিলেন। পদত্যাগের বিষয়ে আবদুল জব্বার ভূঞা জানান, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠানো হয়েছে। ব্যক্তিগত কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। সব মিলিয়ে ২৬৬ জন আইন কর্মকর্তা নিয়োগ পান। এর আগে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডিএজি ও এএজির নিয়োগ বাতিল করে নতুন এই নিয়োগ দেওয়া হয়েছিল। পদত্যাগকারী ডিএজি সুলতানা আকতার রুবি ও মামুন চৌধুরী এবং এএজি রোহানী সিদ্দীকা ও প্রোজ্জল চাকমা ওই নিয়োগপ্রাপ্তদের মধ্যেই ছিলেন।
সুলতানা আকতার রুবি বলেন, ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ে পাঠানো হয়েছে। একই কারণ উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন মামুন চৌধুরীও। এএজি মোছা. রোহানী সিদ্দীকা জানান, তিনি ব্যক্তিগতভাবে আইন পেশায় মনোনিবেশ করতে চান। এজন্যই পদত্যাগ করেছেন। একই ধরনের কারণ দেখিয়ে প্রোজ্জল চাকমাও পদত্যাগপত্র জমা দিয়েছেন।























