‘আইফোন কিনতে’ শিশুপুত্রকে লাখ টাকায় বিক্রি করলেন বাবা
- প্রকাশের সময় : ০৬:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 6
পটুয়াখালীতে এক লাখ টাকার বিনিময়ে দেড় বছরের শিশুপুত্রকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। আইফোন কেনার জন্য দেড় বছরের শিশু মুসাকে বিক্রি করে দেওয়া হয় বলে দাবি পরিবারের। শনিবার দশমিনায় উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ ওঠা বাবা মো. মারুফ পেশায় একজন কাঠমিস্ত্রি। মাছুয়াখালী গ্রামের মফিজ মুন্সির ছেলে মারুফ ঘটনার পর ঢাকায় অবস্থান করছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকালে মারুফ তার মা মাহফুজা বেগমকে দেড় বছরের শিশুপুত্র মুসাকে সাজিয়ে দিতে বলেন। শিশুটিকে নিয়ে কিছুক্ষণ বাইরে ঘুরে আসবেন বলে বাড়ি থেকে বেরিয়ে যান মারুফ। কিন্তু সময় গড়িয়ে গেলেও শিশুসহ তিনি বাড়িতে ফেরেননি। এতে স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করেন। পরে মোবাইলফোনে মারুফের সঙ্গে পরিবারের সদস্যরা কথা বললে মারুফ জানান, দশমিনার আলীপুর ইউনিয়নের রোমানাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে তিনি শিশুটিকে লিখিতভাবে দিয়ে দিয়েছেন। এর বিনিময়ে এক লাখ টাকা পেয়েছেন।
পরিবারের অভিযোগ, শিশুটিকে দেওয়ার পর পাওয়া টাকা দিয়ে মারুফ ঢাকায় গিয়ে একটি পুরোনো আইফোন পরিবর্তন করে নতুন আইফোন কেনেন। শিশুটির দাদি মাহফুজা বেগম বলেন, প্রায় চার বছর আগে মারুফ সাভারে থেকে বৃষ্টি নামের এক তরুণীকে বিয়ে করেন। তাদের ঘরে প্রায় তিন বছর পর মুসার জন্ম হয়। সম্প্রতি (এক মাস আগে) পারিবারিক বিরোধের জেরে বৃষ্টি বাবার বাড়িতে চলে যান। এরপর মারুফও ঢাকায় চলে যান। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যার আগে তিনি বাড়িতে ফেরেন।
মাহফুজা বেগম বলেন, ‘শনিবার সকালে আমাকে নাতিকে জামা-কাপড় পরিয়ে দিতে বলে মারুফ। সে বলেছিল, মুসাকে নিয়ে বাজারে যাবে। পরে অনেক সময় পার হলেও তারা ফিরে আসেনি। খোঁজ নিতে গিয়ে জানতে পারি, নাতিকে টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেওয়া হয়েছে। সেই টাকা দিয়ে আইফোন কিনেছে। আমি আমার নাতিকে ফিরে পেতে চাই।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, শিশুটির বাবা যার কাছে শিশুটিকে রেখে গেছেন, সেখান থেকে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি শিশুটির বাবাকে ঢাকা থেকে আনার চেষ্টা করা হচ্ছে।’
ওসি আরও বলেন, এখানে টাকা-পয়সা লেনদেন হয়েছে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। তবে ছোট শিশুটির বাবা-মা দুজনার মধ্যে ভালো সম্পর্ক নেই বলে জেনেছি। শিশুটি উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















