দীর্ঘ ১৭ বছর শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়নি: সংস্কৃতিমন্ত্রী

- প্রকাশের সময় : ১০:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 12

দীর্ঘ সতেরো বছর এ দেশে শিক্ষা ও সংস্কৃতির বিকাশে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, বিগত সময়ে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এবং খাতায় লিখুক বা না লিখুক, নব্বই শতাংশ পাসের হার দেখানো হয়েছে। একই সঙ্গে গ্রামীণ সংস্কৃতি ধ্বংস করে মাদকের বিস্তার ঘটানো হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, বিগত সময়ে শিক্ষা ও সমতার কথা ভাবা হয়নি; অথচ শিক্ষা ও সমতার মধ্য দিয়েই একটি জাতির প্রকৃত অগ্রগতি সম্ভব।
মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিতাই রায় চৌধুরী বলেন, বাংলা সাহিত্যের জাগরণে মীর মশাররফ হোসেনের অবদান অসামান্য। তিনি কেবল একজন কবি বা ঔপন্যাসিক ছিলেন না, বরং নাট্যকার, কথাশিল্পী ও সাংবাদিক হিসেবেও সাহিত্যের বিভিন্ন শাখায় নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। তিনি আমাদের সাহিত্য ও সংস্কৃতির অমূল্য সম্পদ।
মন্ত্রী জানান, মীর মশাররফ হোসেনের স্মৃতিবিজড়িত স্থানকে ইতিমধ্যে ‘হেরিটেজ প্রপার্টি’ বা ঐতিহ্যবাহী সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছে। চাইলে ঢাকায়ও এ আয়োজন করা যেত, তবে স্থানীয় মানুষের মধ্যে তাঁর স্মৃতি ও সাহিত্যকর্ম চিরজীবন্ত রাখতেই সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির উদ্যোগে প্রতিবছর তাঁর সমাধিস্থলে জন্মবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
সভায় স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মো. সাইফুর রহমান খোকন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য, ‘বিষাদ সিন্ধু’ ও ‘জমিদার দর্পণ’-এর রচয়িতা মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে এবং ১৯১২ সালের ১৯ ডিসেম্বর এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।






















