‘শিক্ষার পাশাপাশি সন্তানের প্রতিভা বিকাশেও নজর দিন’
- প্রকাশের সময় : ১০:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 24
শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করতে অভিভাবকদের নিবিড়ভাবে নজর রাখার আহ্বান জানিয়েছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ অপু।
গোপালগঞ্জের ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউটে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম শাহজাহান সিরাজ অপু বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য সৃজনশীল কাজে যুক্ত রাখতে হবে। একই সঙ্গে ডিজিটাল প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার ও গেমের আসক্তি থেকে সন্তানদের দূরে রাখতে পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ভবিষ্যতে ভালো কিছু অর্জনের জন্য শিক্ষার্থীদের নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে হবে। তাদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভা খুঁজে বের করে বিকাশের সুযোগ তৈরি করতে অভিভাবকদের সন্তানের প্রতি নিবিড় নজর রাখা প্রয়োজন।
শাহজাহান সিরাজ অপু আরও বলেন, একটি শিক্ষিত জাতিই দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তাই শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি যেমন শিক্ষকদের দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সন্তানদের শুধু পড়াশোনার ফলাফলের দিকে নয়, তাদের আগ্রহ, দক্ষতা ও প্রতিভার দিকেও নজর দিতে হবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ অপু সময় পেলেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়, শ্রেণিকক্ষ পরিদর্শন ও বিদ্যালয়ের পরিবেশ পর্যবেক্ষণের পাশাপাশি শিক্ষা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তাঁর পরামর্শ ও অভিজ্ঞতা থেকে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তারা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবী, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।





















