কালীগঞ্জে সাংবাদিকদের শতভাগ স্বাধীনতার ঘোষণা রাশেদ খানের
- প্রকাশের সময় : ১০:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 13
ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে শতভাগ স্বাধীনতা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রোববার (২৩ আগস্ট) দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান বলেন, “আমি রাশেদ খান নিজে কোনো অন্যায়ে জড়িত হলে সাংবাদিকরা অবশ্যই মিডিয়ায় নিউজ করবেন। অন্য কোনো নেতা অন্যায়ের সঙ্গে জড়িত হলে তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশ করবেন। সাংবাদিকদের স্বাধীনতা শতভাগ।”
তিনি বলেন, “আজকের পর কালীগঞ্জের কোনো সরকারি দপ্তরে ঘুষ গ্রহণ চলবে না। ঘুষের অভিযোগ পেলে সে কালীগঞ্জে থাকতে পারবে না। এ বিষয়ে জিরো টলারেন্স। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক কালীগঞ্জে হারাম ঘোষণা করা হলো।”
মব সৃষ্টির বিষয়ে তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর মবকে কোনো ধরনের প্রশ্রয় দিচ্ছে না। মবের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। কোনো বেসামরিক ব্যক্তি শালিস-বাণিজ্য করতে পারবেন না। অফিস খুলে শালিস করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না।
রাশেদ খান আরও বলেন, সব মতের মানুষের সমন্বয়ে কালীগঞ্জের উন্নয়ন করা হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো অপরাধের অভিযোগ থাকলে তা পুলিশকে জানাতে হবে এবং আইনের মাধ্যমে অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে।
সভায় ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

























