রাজবাড়ীতে নাট্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা ও অভিনেতা প্রস্তুতি কর্মসূচির উদ্বোধন
- প্রকাশের সময় : ০১:৩১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 17
রাজবাড়ীতে গহন থিয়েটারের আয়োজনে দুই দিনব্যাপী নাট্য প্রশিক্ষণ কর্মশালা ও অভিনেতা প্রস্তুতি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় জেলা শহরের রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ী জেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও নাট্য নির্দেশক এম বাচ্চু রহমান।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ, যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দিন, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, বাংলা থিয়েটারের সভাপতি ও বাংলাদেশ গ্রাম থিয়েটার গ্রুপের ফরিদপুর আঞ্চলিক সমন্বয়কারী আনিসুর রহমান, আমরা ক’জনা থিয়েটারের সভাপতি বিনয় কুমার সাহা, সাধারণ সম্পাদক সঞ্জিব ভৌমিক, মুক্ত আনন্দ রাজবাড়ীর সভাপতি অজয় দাস তালুকদার, প্রত্যাশা থিয়েটারের সভাপতি গোলাম মোর্তজা সাগরসহ জেলার বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
দুই দিনব্যাপী এ কর্মশালায় গহন থিয়েটারের নাট্যকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার গ্রুপের সহ-প্রশিক্ষণ সম্পাদক খন্দকার রাকিবুল হক।
কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের ৬০ জন নাট্যকর্মী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।






















