দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি
- প্রকাশের সময় : ০৯:৫৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 5
চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মাদকবিরোধী অভিযানের পাশাপাশি অপরাধে জড়িত ব্যক্তিদের সংশোধনের উদ্যোগ নিয়েছেন। একাধিকবার মাদক মামলায় জড়িয়ে জামিনে বের হয়ে আবারও একই কর্মকাণ্ডে ফেরার অভিযোগে দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ওসি আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের শাহজালাল ও হেলালের বিরুদ্ধে একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়ায় জামিনে মুক্ত হওয়ার পর তারা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়তেন বলে স্থানীয়ভাবে অভিযোগ ছিল।
এ অবস্থায় শুধু আইনি ব্যবস্থার পাশাপাশি তাদের জীবনধারায় পরিবর্তন আনার উদ্যোগ নেন ওসি। এলাকাবাসীর সহযোগিতায় দুজনকে থানায় ডেকে এনে নৈতিক ও ধর্মীয় শিক্ষার উদ্দেশ্যে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়।
তিন দিন পর মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে তারা থানায় গিয়ে ওসি আজিজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা নিজেদের ভুল স্বীকার করে মাদক থেকে দূরে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শাহজালাল ও হেলাল বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব, প্রতি মাসে তিন দিন তাবলিগে যাওয়ার চেষ্টা করব এবং ভবিষ্যতে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে আর জড়িত হব না।’
ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ‘শুধু মামলা দিয়ে সব সময় মাদক নির্মূল সম্ভব নয়। তাদের নৈতিকভাবে পরিবর্তন করতে হবে। আমরা চাই, তারা সত্যিকারের ভালো মানুষ হয়ে সমাজে ফিরে আসুক।’
ওসির এ উদ্যোগে স্থানীয় সচেতন মহলের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের মতে, মাদকবিরোধী অভিযান ও আইনি ব্যবস্থার পাশাপাশি অপরাধে জড়িয়ে পড়া ব্যক্তিদের সংশোধনের সুযোগ দেওয়া হলে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।




















