বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা
- প্রকাশের সময় : ১১:২৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 8
দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে থাকায় কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, রংপুর বিভাগের পাঁচ জেলা এবং সিলেট বিভাগের দুই জেলার নদ-নদীর পানি বাড়ছে। সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজান এলাকায় আগামী তিন দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিনে আরও বাড়তে পারে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জের নদীসংলগ্ন কিছু এলাকায় পানি সতর্কসীমায় প্রবাহিত হওয়ার পাশাপাশি নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে উত্তরাঞ্চলের ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তিস্তা নদীর পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে তা বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। একই সময়ে ধরলা নদীর পানি কিছু স্থানে সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে লালমনিরহাট ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং আগামী পাঁচ দিন তা অব্যাহত থাকতে পারে। ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুপাই ও কংস এবং চট্টগ্রাম বিভাগের মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। এসব নদীর পানিও আগামী তিন দিনে আরও বাড়তে পারে। তবে গোমতী নদীর পানি কিছুটা কমেছে।





















