মন্ত্রী হওয়ার পর অর্থকষ্টে আছি, সংসার চালাতে আবার রোগী দেখছি: সমাজকল্যাণমন্ত্রী
- প্রকাশের সময় : ০৯:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / 11
সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মন্ত্রিত্ব কোনো লোভনীয় বিষয় নয়, বরং এটি অত্যন্ত কঠিন দায়িত্ব। মন্ত্রী হওয়ার পর তিনি আগের তুলনায় অর্থনৈতিকভাবে বেশি কষ্টে আছেন বলেও মন্তব্য করেন।
বুধবার (২৭ মে) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১০ জনকে অনুদানের চেক এবং ৪০০ জনের মধ্যে চাল বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, “আমি মন্ত্রী হওয়ার আগে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী ছিলাম। এখন বরং কষ্টের মধ্যে আছি। যে বেতন পাওয়া যায়, তা দিয়ে সংসার চালানো কঠিন।”
তিনি জানান, সংসারের খরচ সামাল দিতে আবারও চিকিৎসাসেবা দেওয়া শুরু করেছেন। সপ্তাহে তিন দিন দুই ঘণ্টা করে রোগী দেখছেন বলেও উল্লেখ করেন তিনি।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ফজরের নামাজের পর সকাল ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত কাজের মধ্যে থাকতে হয়। কাজেই মন্ত্রিত্ব কোনো সোনার হরিণ বা সোনার বাটি নয়।”
তিনি আরও বলেন, যারা মন্ত্রীদের নিয়ে নানা সমালোচনা করেন, তাদেরও নিজেদের আয়কর নথি ও সম্পদের হিসাব জনসমক্ষে তুলে ধরা উচিত। নির্বাচনের আগে মন্ত্রীদের আয়কর বিবরণী প্রকাশ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ দাবি করে মন্ত্রী বলেন, “স্বৈরাচার আর গণতন্ত্র এক নয়। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। তাই সরকার ও প্রশাসন জনগণের কাছে জবাবদিহির মধ্যেই রয়েছে।”
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারিছ চৌধুরী, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ স্থানীয় নেতারা।























