নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক হলেন রাজবাড়ীর সন্তান ডা. নুরুজ্জামান খান
- প্রকাশের সময় : ০৫:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 6
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের (নিনস) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রাজবাড়ীর কৃতি সন্তান অধ্যাপক ডা. নুরুজ্জামান খান।
শনিবার (১৬ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং ইন্টার্ন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায়।
স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানকে পরিচালক কাম অধ্যাপক হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতাল-এ পদায়ন করা হয়েছে।
এ ছাড়া যোগদানের পূর্বে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজ থেকে ‘মুভ আউট’ এবং নতুন কর্মস্থলে যোগদানের পর ‘মুভ ইন’ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
অধ্যাপক ডা. নুরুজ্জামান খান (খসরু) কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি পাস করেন। পরে তিনি ঢাকা মেডিকেল College-এ ভর্তি হয়ে ১৯৯৭ সালে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই প্রতিষ্ঠান থেকে নিউরোসার্জারিতে মাস্টার্স ইন সার্জারি (এমএস) ডিগ্রি লাভ করেন। তিনি সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও ভারতের বিভিন্ন হাসপাতালে ফেলোশিপ প্রশিক্ষণ নিয়েছেন।
বাংলাদেশে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির প্রবর্তক হিসেবে পরিচিত অধ্যাপক ডা. নুরুজ্জামান খান এ বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। দেশে ও বিদেশে অসংখ্য সেমিনার, ওয়ার্কশপ ও লাইভ সার্জারিতে অংশগ্রহণের পাশাপাশি তার বহু বৈজ্ঞানিক প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নকালে তিনি ১৯৯৪-৯৫ সেশনে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০১ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।
তার এ নিয়োগে রাজবাড়ীবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।




















