ঝিনাইদহে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, মালিককে ফিরিয়ে দিল পুলিশ
- প্রকাশের সময় : ০৯:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / 9
ঝিনাইদহ জেলা পুলিশের দ্রুত অভিযান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারকে ঈদ সামগ্রীও প্রদান করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মে দুপুরে ঝিনাইদহের পাগলাকানাই ইউনিয়ন এলাকা থেকে মো. সিয়াম হোসেনের ইজিবাইকটি চুরি হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ঝিনাইদহের পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল-এর নজরে আসে।
এরপর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৫ মে যশোরের চৌগাছা থানা এলাকা থেকে ইজিবাইকটি উদ্ধার করে।
পরে উদ্ধার হওয়া ইজিবাইকটি আনুষ্ঠানিকভাবে মালিক মো. সিয়াম হোসেনের কাছে হস্তান্তর করেন মো. মাহফুজ আফজাল ও পুনাক ঝিনাইদহের সভানেত্রী মোসফিকা মাহফুজ। এ সময় ভুক্তভোগী পরিবারের হাতে ঈদ সামগ্রীও তুলে দেওয়া হয়।
জীবিকার একমাত্র অবলম্বন ফিরে পেয়ে আবেগাপ্লুত সিয়াম হোসেন বলেন, “ইজিবাইক হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। এত দ্রুত পুলিশ এটি উদ্ধার করবে, তা কল্পনাও করিনি।”
স্থানীয়দের মতে, ঝিনাইদহ জেলা পুলিশের এমন মানবিক ও কার্যকর উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বেড়েছে।

























