মৃগী বাজারে সড়কের বেহাল দশা, দেখার যেন কেউ নেই
- প্রকাশের সময় : ১২:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 67
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মৃগী বাজারের প্রধান সড়কটি এখন সাধারণ মানুষের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ দিন সংস্কারের ছোঁয়া না লাগায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই গুরুত্বপূর্ণ সড়কটি। প্রতিনিয়ত দুর্ভোগ আর দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো পথচারী ও যানবাহন।
বৃহস্পতিবার (৭ মে) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের মূল সড়কের অধিকাংশ জায়গায় পিচ-ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বেরিয়ে এসেছে ভেতরের ইট-সুরকি। সবচেয়ে ভয়াবহ অবস্থা হয় সামান্য বৃষ্টিতে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কে হাঁটু সমান পানি জমে যায়। কর্দমাক্ত এই রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করছে রিকশা, ভ্যান ও অটোরিকশা।

বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত স্কুল-কলেজের শিক্ষার্থী যাতায়াত করে। খানাখন্দের কারণে প্রায়ই অটোরিকশা বা ভ্যান বিকল হয়ে পড়ছে, যা ব্যবসায়ী ও সাধারণ যাত্রী উভয়ের জন্যই চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘদিন ধরে সড়কটির এই নাজুক অবস্থা বজায় থাকলেও সংস্কারে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

তাদের দাবি, বর্ষা মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই যেন দ্রুত সংস্কার কাজ শুরু করা হয়। বিশেষ করে পানি নিষ্কাশনের জন্য একটি টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
ভুক্তভোগীরা এই জনদুর্ভোগ লাঘবে এবং জনস্বার্থে সড়কটি দ্রুত মেরামতের জন্য উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন।























