নওগাঁয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩
- প্রকাশের সময় : ০৫:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / 221
নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গত রাতে এবং আজ দিনব্যাপী নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলো— সুলতানপুর জেলে পাড়া এলাকার মৃত আদম আলী বাবুর ছেলে মোঃ সোহাগ হোসেন (৩০), মোঃ জুয়েল হোসেনের ছেলে মোঃ শাহীন আলম (২৭) এবং মোঃ মোখলেছুর রহমানের ছেলে মোঃ ওসমান গনি ওরফে রনি (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে সুলতানপুর এলাকায় আধিপত্য বিস্তার ও মারামারিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছিল। জনমনে শান্তি ফিরিয়ে আনতে এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।
অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে সহিংসতায় ব্যবহৃত বিপুল পরিমাণ রামদা, কিরিচ, হাসুয়া, চাইনিজ কুড়াল, বড় ছোড়া, লোহার পাইপ ও রড উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, এসব অস্ত্র দিয়ে গত কয়েকদিন ধরে ওই এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে আসছিল এই সন্ত্রাসীরা।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, “নওগাঁ জেলার যেকোনো স্থানে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

























