নওগাঁয় মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকসহ ২ কারবারি গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০১:৩০:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 163
নওগাঁর পত্নীতলা থানা ও জেলা ডিবি পুলিশ পৃথক দুটি ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত ১৬ ও ১৭ এপ্রিল জেলার বিভিন্ন স্থানে এই অভিযানগুলো পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ১৬ এপ্রিল রাত ৯টা ৩০ মিনিটে। ডিবি পুলিশের ওসি মোঃ হাসিবুল্লাহ হাবিবের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পাঁচমাথা মোড় এলাকায় জনৈক এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযানে গেলে পালানোর চেষ্টাকালে শাহদুর রহমান বুলু ওরফে অন্তর (৩৫)-কে আটক করা হয়। ধৃত বুলু বগুড়ার আদমদিঘী উপজেলার কসাই পাড়া এলাকার ফজর আলীর ছেলে। তল্লাশিকালে তার কাছে থাকা ব্যাগ থেকে নিষিদ্ধ নেশাজাতীয় দুই বোতল ফেয়ারডিল ও তিন বোতল এসকফ উদ্ধার করা হয়।
অন্যদিকে, ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হকের নেতৃত্বে অপর একটি অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশ জানতে পারে, দিবর ইউনিয়নের বাঁকরইল গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে। পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হয়ে ১ কেজি গাঁজাসহ প্রদীপ টুডু (পিতা- থামাস টুডু) নামক এক ব্যক্তিকে তার বাড়ির সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। ডিবি পুলিশসহ জেলার ১১টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ২৪ ঘণ্টা তৎপর রয়েছেন। যেকোনো মূল্যে নওগাঁ জেলাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।”
























