রাজবাড়ীতে ধানের উৎপাদন বাড়াতে ব্র্যাক সিডের কর্মশালা
- প্রকাশের সময় : ০৭:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / 54
রাজবাড়ীর কালুখালী উপজেলায় কৃষির আধুনিকায়ন এবং হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার মৃগী বাজারে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন এলাকার মোট ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।
কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় আধুনিক আমন হাইব্রিড ব্র্যাক-১০ ও রাজা ধানের ওপর ভিডিও প্রদর্শন এবং চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশে খাদ্য ঘাটতি মোকাবিলায় আমন ও আউশ মৌসুমে হাইব্রিড ধান চাষের গুরুত্ব তুলে ধরেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাইমুর রহমান এবং ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো. কামরুল হাসান। তারা কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান ও আধুনিক চাষাবাদ কৌশল সম্পর্কেও দিকনির্দেশনা দেন।
মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরবিন্দু কুমার বিশ্বাস, টেরিটরি সেলস অফিসার (ফিল্ডক্রপ) মো. নুর আলম এবং টেরিটরি সেলস অফিসার (ভেজি: বায়ো পেস্টিসাইড) সুব্রত কুমার পাল।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী ৫০ জন কৃষকের মাঝে আধুনিক আমন হাইব্রিড ব্র্যাক-১০ ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
























