মাদক প্রতিরোধে জিরো টলারেন্সের আহ্বান এমপি এস এম জিলানীর
- প্রকাশের সময় : ০৭:২৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 103
মাদক প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, মাদক প্রতিরোধ করতে না পারলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে।
শনিবার (১১ এপ্রিল) কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি গ্রামের দুর্গামন্দির চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে মাদক বিক্রেতা ও সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এস এম জিলানী আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
স্থানীয় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমাকে এমপি হিসেবে নয়, আপনাদের সেবক হিসেবে বিবেচনা করবেন। আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের সমস্যার কথা শুনতে চাই।”
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচিত হলে তাদের কথা সংসদে তুলে ধরার প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন এবং ভবিষ্যতেও তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সব ধরনের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থান ও শ্মশানের উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরে তিনি সাদুল্লাপুর ইউনিয়নের পলোটানা গ্রামের শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে আয়োজিত শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

























