দীপু দাশ হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
- প্রকাশের সময় : ০২:০০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 188
ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাশকে নির্মম ও পৈশাচিকভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু মহাজোট, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বেলা ১১টায় রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে ঘণ্টা কালব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশও অনুষ্ঠিত হয়। সংগঠনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি অশোক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সহ সভাপতি অ্যাড. দিলীপ মজুমদার, সাধারণ সম্পাদক বাসুদেব প্রামানিক, যুগ্ম সম্পাদক সূর্য কুমার শিকদার, হরিজন ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক বাসুদেব মন্ডল, রাজীব চৌধুরী, গৌতম দাস প্রমুখ।
বক্তারা বলেন, একজন জ্যান্ত মানুষকে ধরে নিয়ে পুড়িয়ে মারার ঘটনা আমাদের হৃদয়কে নাড়িয়ে দেয়। এ দৃশ্য দেখা যায়না। ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ দিয়ে যেভাবে দীপু দাশকে হত্যা করা হয়েছে তা সভ্য সমাজে কল্পনাও করা যায়না। এমন বর্বর ও পৈশাচিক ঘটনা যেন আর না ঘটে। দীর্ঘ সময় ধরে দীপু দাশের উপর অমানবিকভাবে নির্যাতন চলেছে, তাকে গাছে ঝুলিয়ে হত্যা তরা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ চলেছে নৃশংস এ ঘটনার। তবুও প্রশাসনের কেউ তাকে রক্ষা করতে আসেনি। এব্যর্থতা সরকারের, এব্যর্থতা স্থানীয় প্রশাসনের। দীপু চন্দ্র দাশের ছোট একটি সন্তান আছে, পরিবার আছে। সরকারকে তাদের দায়িত্ব নিতে হবে। তারা আরও বলেন, ধর্ম অবমাননার অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় অনেক হিন্দু আক্রান্ত হয়েছে। তার কোনোটিরই বিচার হয়নি। বাংলাদেশে হিন্দুরা পড়ে পড়ে মার খাচ্ছে। লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এর যেন শেষ নেই। এভাবে কোনো মানুষ বা জাতি চলতে পারেনা। আমরাও এদেশকে ভালোবাসি। এদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান সকলের।


























