কারাগারে বাবা বন্দি, মাঠে আলো ছড়াচ্ছেন ছেলে: ব্রাজিল পেয়েছে নতুন এক রবিনিও

- প্রকাশের সময় : ১০:০০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 0

একই সময়ে দুজনের জীবন কাটছে দুই ভুবনে। একজন ইতালির ফুটবল মাঠে নিজের পরিচয় তৈরি করার চেষ্টা করছেন। আরেকজন সাও পাওলোর কারাগারে বসে ছেলের ফুটবল–জীবনের দিকে তাকিয়ে আছেন। একজনের সামনে ইউরোপিয়ান ফুটবলে নিজেকে প্রমাণ করার হাতছানি। অন্যজনের সামনে দীর্ঘ কারাবাসের বাস্তবতা। অথচ তাঁদের পরিচয় এক সুতোয় বাঁধা। একজন বাবা, অন্যজন ছেলে। বাবার নাম রবিনিও। ছেলের নাম রবিনিও জুনিয়র।একসময় ব্রাজিলের ফুটবলপ্রেমীরা স্বপ্ন দেখতেন, রবিনিও একদিন পেলের মতো হবেন। পায়ের জাদুতে মুগ্ধ করবেন পুরো বিশ্বকে। কিন্তু প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি নেইমারের আগে ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে আলোচিত প্রতিভাদের একজন। ফুটবল–জীবনের শেষ অধ্যায়টাও লেখা হয়েছে এক কলঙ্কিত ঘটনায়। ধর্ষণের মামলায় ৯ বছরের কারাদণ্ড নিয়ে এখন কারাগারে দিন কাটছে তাঁর। আর সেই কারাগারের বাইরে, ফুটবল মাঠে বাবার নামের ভার নিয়েই এগিয়ে চলেছেন ছেলে। তবে রবিনিও জুনিয়র চান, একদিন নিজের নামেই পরিচিত হতে।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
পরশু রাতে পেরুর অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলে অভিষেক হয় রবিনিও জুনিয়রের। বেলেমে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জোড়া গোল করে অভিষেকটা স্মরণীয় করে রেখেছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। যেন বাবার হারিয়ে যাওয়া ফুটবল-গৌরবের গল্পে নতুন একটি অধ্যায় লেখার শুরু।
২০০৭ সালের ১৭ ডিসেম্বর সাও পাওলোর পৌর শহর সান্তোসে জন্ম রবিনিও জুনিয়রের। তখন তাঁর বাবা খেলতেন রিয়াল মাদ্রিদে। জুনিয়রের জন্মের সপ্তাহেই ছিল ‘এল ক্লাসিকো’। ছেলের পৃথিবীতে আসার আগেই তাঁকে গোল উৎসর্গ করতে শুরু করেছিলেন রবিনিও। তাঁর পুরো নাম রবসন ডি সুজা জুনিয়র। তবে ব্রাজিলিয়ান ফুটবলে তিনি পরিচিত রবিনিও জুনিয়র নামেই। বাবার খ্যাতি তাঁকে এই পরিচয় দিয়েছে।বাবার পথ ধরেই ২০২২ সালে মাত্র ১৫ বছর বয়সে সান্তোসের বয়সভিত্তিক দলে যোগ দেন জুনিয়র। ২০২৩ সালে অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেও নিয়মিত হন পরের বছর। সে বছর ক্যাম্পেওনাতো পলিস্তা অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতায় সান্তোসের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল তাঁর। ৯ গোল করে যৌথভাবে হন সর্বোচ্চ গোলদাতা। এরপর ২০২৫ সালে সুযোগ পান সান্তোসের অনূর্ধ্ব-২০ দলে। তত দিনে ক্লাব বুঝে গেছে, ছেলেটির মধ্যে বিশেষ কিছু আছে। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি তাঁকে মূল দলের খেলোয়াড় হিসেবে নিবন্ধিত করে সান্তোস।
মূল দলে পেয়েছিলেন ৭ নম্বর জার্সি। এই জার্সিতেই একসময় সান্তোস মাতিয়েছেন তাঁর বাবা। গত বছরের জুলাইয়ে পেশাদার ফুটবলে অভিষেকের পর এখন মূল দলের স্থায়ী সদস্য রবিনিও জুনিয়র। তাঁর সামর্থ্যের ওপর আস্থা রেখেই গত এপ্রিলে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে সান্তোস। তখন তিনি হয়ে ওঠেন ক্লাবটির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের একজন। তবে পথটা সব সময় মসৃণ ছিল না।ক্লাব সতীর্থ নেইমারের সঙ্গে একবার ঝামেলায় জড়িয়ে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন জুনিয়র। এ বছর সান্তোসের হয়ে ১২ ম্যাচ খেলার পর প্রায় এক মাস আর মাঠে নামার সুযোগ পাননি। কোচ কুকার অধীনে প্রত্যাশামতো ম্যাচ পাচ্ছিলেন না। ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছিল, সান্তোস তাঁকে মূল দলের চেয়ে অনূর্ধ্ব-২০ দলে বেশি খেলানোর পক্ষপাতী ছিল। কিন্তু জুনিয়র ও তাঁর পরিবারের চাওয়া ছিল মূল দলে বেশি ম্যাচ খেলা।
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
শেষ পর্যন্ত গত ২ সেপ্টেম্বর ইতালিয়ান সিরি ‘আ’র ক্লাব জেনোয়ায় এক মৌসুমের জন্য ধারে যোগ দেন রবিনিও জুনিয়র। চুক্তির মেয়াদ শেষে তাঁকে স্থায়ীভাবে কেনার সুযোগও রয়েছে ক্লাবটির। এখন পর্যন্ত জেনোয়ার হয়ে লিগে এক ম্যাচ খেলেছেন। সেই অভিষেক দেখেছেন তাঁর বাবা। তবে স্টেডিয়ামের গ্যালারি থেকে নয়, সাও পাওলোর কারাগারে বসে।
রবিনিও জুনিয়রের সামনে জাতীয় দল বেছে নেওয়ার সুযোগও আছে। তাঁর মা ভিভিয়ান গুজলিয়েলমেত্তির ইতালিয়ান নাগরিকত্ব রয়েছে। ব্রাজিলে শৈশব থেকে রবিনিওর সঙ্গে ভিভিয়ানের প্রেমের শুরু। পরে বিয়ে। মায়ের ইতালিয়ান নাগরিকত্বের সুবাদে ছেলেও চাইলে ইতালির হয়ে খেলার সুযোগ পাবেন। পেরুর অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ম্যাচ শেষে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। আপাতত দুটি দরজাই খোলা রাখতে চান জুনিয়র। বলেছেন, ‘প্রতিটি শিশুরই স্বপ্ন থাকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার। আমার সামনে দুটি (দেশের) সুযোগ আছে। যেকোনো একটি সাদরে গ্রহণ করব। অবশ্যই, পাওলো ভিক্টর (ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের কোচ) বলেছেন যে তিনি আমার ওপর ভরসা রাখছেন। তাই আমি খেলার জন্য প্রস্তুত আছি।’
মাথায় করে রেখেছিল ব্রাজিলিয়ানরা, মাটিতে পড়েছেন আনচেলত্তি





















