বালিয়াকান্দিতে সরকারি ১.৮৭ একর জমি উদ্ধার, জরিমানা ও উচ্ছেদ
- প্রকাশের সময় : ১২:৪৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 203
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইউনিয়ন পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১.৮৭০০ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর ২০২৫) উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সরকারি নথি অনুযায়ী, ইউনিয়ন পরিষদের মালিকানাধীন ২ নম্বর খতিয়ানভুক্ত ১২২৮ দাগের জমিতে শরিফুল বিশ্বাস নামে এক ব্যক্তি অবৈধভাবে ঘর নির্মাণ ও গাছ কাটছিলেন। অভিযোগের সত্যতা পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৮৯(২) ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে অবৈধভাবে নির্মিত ঘরটি ভেঙে ফেলা হয় এবং টিন, কাঠ, বাঁশ, খুঁটি ও কাটা গাছসহ সব সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত জমিতে লাল নিশান স্থাপন করা হয়েছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বালিয়াকান্দি থানার একটি পুলিশ দল উপস্থিত থেকে অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























