‘রক্তের বন্ধন দৃঢ় হোক’
- প্রকাশের সময় : ০৮:৫৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 223
‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধন রাজবাড়ী সরকারি কলেজ ইউনিটের বার্ষিক সাধারণ সভা, নবীণ বরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শনিবার রাজবাড়ী সরকারি কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মোস্তফা কামাল, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক মোক্তার হোসেন ভুইয়া, প্রভাষক শাহরিয়ার রহমান, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নিলাদ্রি ঘোষ, সংগঠনের রাজবাড়ী সরকারি কলেজ শাখার উপদেষ্টা আনিছুর রহমান, আবু রাসেল খান, আব্দুর রহমান চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন রাজবাড়ী সরকারি কলেজ ইউনিটের সভাপতি সাব্বির হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মানিক হোসেন।
বক্তারা বলেন. রক্ত আমাদের জীবনের স্পন্দন। দেহের শিরা-উপশিরায় বয়ে চলা এই লাল তরল শুধু একটি জৈবিক উপাদান নয়; এটি প্রেম, মমতা এবং বেঁচে থাকার প্রতীক। যখন কোনো মানুষ মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকেন, জীবন আর মৃত্যুর মাঝে সংগ্রাম করেন, তখন কেবল এক ব্যাগ রক্তই পারে সেই জীবনকে ফিরিয়ে দিতে। আপনার কাছে যা সামান্য, আরেকজনের কাছে তাই মহামূল্যবান জীবন। আপনার দশ মিনিটের একটি নিঃস্বার্থ উদ্যোগ একজন সম্পূর্ণ অচেনা মানুষকে দ্বিতীয় জীবন দিতে পারে। এই দশ মিনিট, এই এক ব্যাগ রক্ত—একটি শিশুর হাসি, একজন মায়ের স্বস্তি, একটি পরিবারের আশা ফিরিয়ে আনে। তাই প্রতিটি সুস্থ সবলের মানুষের উচিৎ রক্তদানে এগিয়ে আসা। তাহলেই রক্তের বন্ধনে দৃঢ় হবে বন্ধন।
আলোচনা শেষে শামীম হোসেনের রচনা ও নির্দেশনায় রক্তের বন্ধন নাটিকা প্রদর্শিত হয়। ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


























