পেট্রোল দিয়ে কনটেন্ট বানাতে গিয়ে দগ্ধ কনটেন্ট ক্রিয়েটর
- প্রকাশের সময় : ০৮:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 64
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) পেট্রোল ব্যবহার করে আগুন দিয়ে কনটেন্ট তৈরি করার সময় গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। দুই দিন আগে এই দুর্ঘটনা ঘটে, বর্তমানে তিনি মৃত্যুশয্যায় রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আল-আমিন ভিডিওর জন্য আগুনে গোসলের দৃশ্য ধারণ করছিলেন। নির্ধারিত পরিমাণের বেশি পেট্রল ব্যবহারের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তার শরীরের প্রায় ৩৫–৪০ শতাংশ দগ্ধ হয়।
প্রাথমিকভাবে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আল-আমিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন। সামাজিক মাধ্যমে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে এবং অনেকে তার সুস্থতার জন্য দোয়া করছেন।

























