পাকিস্তানে ২ দিনের সেনা-পুলিশ অভিযানে টিটিপির ৩০ সন্ত্রাসী নিহত

- প্রকাশের সময় : ১২:৩৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 85

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনা-পুলিশের যৌথ নিরাপত্তা বাহিনীর দুই দিনের পৃথক অভিযানে নিহত হয়েছে নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ৩০ সদস্য।
পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ১৮ ও ১৯ নভেম্বর লাক্কি মারওয়াত, মোহামান্দ, টাঙ্ক ও কুররম—এই চার জেলায় অভিযান চালানো হয়। সবচেয়ে বেশি ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে কুররম জেলায়।
আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে ফিৎনা আল খারিজি নামে টিটিপির দুই গ্রুপের সদস্যরা নিহত হয়েছে।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান অঞ্চলে সন্ত্রাসী হামলা ও তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। খাইবার পাখতুনখোয়া টিটিপির প্রধান ঘাঁটি, আর বেলুচিস্তানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএ।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস)-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাসে পাকিস্তানে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতার হার বেড়েছে ৪৬ শতাংশ। এই সময়ে ৩২৯টি ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৯০১ জন।
অন্যদিকে, কেন্দ্রীয় পুলিশ বিভাগ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শুধু খাইবার পাখতুনখোয়াতেই ৬০০-র বেশি সন্ত্রাসী হামলা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছে ৭৯ পুলিশ সদস্য এবং ১৩৮ বেসামরিক মানুষ।

























