সরকারি অর্থের অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

- প্রকাশের সময় : ১০:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 0

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, নিম্নমানের নির্মাণকাজ কিংবা সরকারি অর্থের অপচয়ের সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে মিথ্যা অভিযোগ, ব্যক্তিগত স্বার্থ কিংবা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার ভিত্তিতে কারো প্রতি অন্যায় করা হবে না।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণপূর্ত অধিদপ্তরের জোনাল অফিসগুলোর কার্যক্রম আরো গতিশীল করার বিষয়টি সরকার বিবেচনা করছে। বিশেষ করে কুমিল্লা জোনের অধীনে অনেকগুলো জেলা ও উপজেলা থাকায় কার্যক্রম পরিচালনায় চাপ তৈরি হচ্ছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লা ও বগুড়ায় নতুন জোন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ৩০ সদস্যের একটি বিশেষ মনিটরিং ও অডিট প্যানেল গঠন করা হবে। এ প্যানেল থেকে চার-পাঁচজনের একেকটি দল গঠন করে দেশের বিভিন্ন জেলা ও প্রকল্পে আকস্মিক পরিদর্শনে পাঠানো হবে। কোনো নির্দিষ্ট বা স্থায়ী দল থাকবে না; বরং বিভিন্ন সময়ে বিভিন্ন দল মাঠপর্যায়ের কাজের মান, অগ্রগতি ও ব্যয় যাচাই করবে। এর মাধ্যমে প্রকল্পের প্রকৃত চিত্র জানা এবং অনিয়মের সুযোগ কমানো সম্ভব হবে।
সভায় স্বাগত বক্তব্য দেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

























