মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

- প্রকাশের সময় : ১০:৩৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 3

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করবে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বাংলাদেশ সময় বিকেল ৩টায় বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার মুসলিম-প্রধান দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে। ২০১৭ সালে দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে উল্লেখ করে গাম্বিয়া।
ওই সামরিক অভিযানের মুখে প্রাণ বাঁচাতে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে তারা বাংলাদেশের বিভিন্ন শরণার্থীশিবিরে বসবাস করছেন।
অভিযানের সময় রোহিঙ্গাদের হত্যা, ব্যাপক ধর্ষণ, নির্যাতন এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগের মতো ভয়াবহ ঘটনার বিবরণ দিয়েছেন বেঁচে ফেরা ব্যক্তিরা। জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশনও ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার কথা উল্লেখ করেছিল।
তবে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করতে বৈধভাবেই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল।
রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে মামলাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আজকের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন রোহিঙ্গা জনগোষ্ঠী, বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়। এ রায় রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার ও দায়বদ্ধতা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আন্তর্জাতিক বিচার আদালতের এ রায় রোহিঙ্গা সংকটের বিচারিক অগ্রগতিতে নতুন দিকনির্দেশনা দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
























