নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

- প্রকাশের সময় : ১০:০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 7

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পরিচালিত ১৪১টি সফল অভিযানে ৫৪ জন আসামিসহ ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। একই সময়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইনের আটটি প্রচেষ্টা প্রতিহত করে ৮৪ জনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার অপচেষ্টা ব্যর্থ করেছে বিজিবি।
১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির দেওয়া তথ্য অনুযায়ী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত নজরদারি, গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মোট ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করে ১৬ বিজিবি। এসব টহলের মাধ্যমে ১৪১টি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৭৭৫ টাকা। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ১৭৩ বোতল বিভিন্ন প্রকার নেশাজাতীয় সিরাপ, ১ হাজার ৩১৮ পিস ভারতীয় ইয়াবা, ৩ কেজি ৩৪৩ গ্রাম গাঁজা ও ২০ পুরিয়া, ৮৮ হাজার ৮১২ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১ দশমিক ৭৭৬ কেজি হেরোইন, ১ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২১ বোতল ভারতীয় মদ, ১১০ বোতল ফেনসিডিল এবং ১১ লিটার বাংলা মদ।
সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশ-ইনের অপচেষ্টা প্রতিরোধেও বিশেষ সতর্কতা অবলম্বন করছে বিজিবি। ২০২৬ সালের এপ্রিল মাসে ভারতের বিধানসভা নির্বাচনের পর সৃষ্ট রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সীমান্তে পুশ-ইনের প্রচেষ্টা বৃদ্ধি পায়। এ পরিস্থিতিতে এপ্রিল থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্তের পৃথক আটটি স্থানে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করে ৮৪ জনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার অপচেষ্টা ব্যর্থ করা হয়।
সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে চলতি বছরে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের অংশগ্রহণে ৫৪০টি জনসচেতনতামূলক সভা করেছে ১৬ বিজিবি। এসব সভায় মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
এ ছাড়া সীমান্তবর্তী এলাকার স্বল্প আয়ের মানুষ ও বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গত ৯ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোবাইল ফোন সার্ভিসিং ও রিপেয়ারিং প্রশিক্ষণের আয়োজন করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে।
সীমান্ত নজরদারি আরও জোরদার করতে সাপাহার উপজেলার বৈকুণ্ঠপুর মৌজায় নব-আদাতলা নামে একটি নতুন বর্ডার আউটপোস্ট (বিওপি) প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি গানইর ও বড়তলীতে আরও দুটি নতুন বিওপির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই এসব বিওপিতে কার্যক্রম শুরু হলে সীমান্তে টহল ও নজরদারি আরও বাড়বে বলে জানিয়েছে বিজিবি।
আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে চোরাচালানপ্রবণ ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে। এর পাশাপাশি নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সন্দেহজনক গতিবিধি শনাক্ত এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে কাজ করছে ব্যাটালিয়নটি।
সীমান্তের ভৌগোলিক প্রতিকূলতা সত্ত্বেও বিদ্যমান ১২টি বিওপির মাধ্যমে দায়িত্ব পালন করে আসছিল ১৬ বিজিবি। নতুন বিওপি প্রতিষ্ঠা ও প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।























