দুই জা’র বিরোধে অতিষ্ঠ হয়ে স্ত্রীদের হত্যা, জঙ্গলে পুঁতে রাখল দুই ভাই

- প্রকাশের সময় : ১২:৪৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 6

ভারতের ঝাড়খণ্ডের গুমলা জেলায় নিজেদের স্ত্রীদের হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই নারীর মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধে অতিষ্ঠ হয়ে তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হত্যার পর অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি পাশের সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেওয়া হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই ভাইয়ের নাম শিবশঙ্কর সাহু ও নবীন সাহু। তাদের মধ্যে শিবশঙ্কর পেশায় একজন অ্যাম্বুলেন্সচালক। সোমবার তারা নিজেদের স্ত্রী মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারীকে (২০) হত্যা করেন। পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেন।
গুমলার পুলিশ সুপার হরিস বিন জামা জানান, দুই নারীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই ভাই ক্ষুব্ধ ছিলেন। তবে হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগে দুই নারী নিজেদের বিরোধ মিটিয়ে সম্পর্ক স্বাভাবিক করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার বলেন, মঙ্গলবার দুই ভাই প্রথমে পুলিশকে জানান, তাদের স্ত্রীরা কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছেন। তবে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা হত্যার কথা স্বীকার করেন।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটিচাপা দেওয়া মরদেহ দুটির সন্ধান পায় পুলিশ। পরে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ সুপার আরও জানান, হত্যাকাণ্ডের দিন সোমবার সকাল ৯টার দিকে নিহত দুই নারীর পরিবারের সদস্যরা তাদের সঙ্গে কথা বলেছিলেন। সে সময় তাদের কাছে সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল।
এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল এবং মরদেহ বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত দুই ভাইয়ের বাবা-মা সমেশ্বর সাহু ও তিলেশ্বরী দেবীকেও গ্রেপ্তার করা হয়েছে।
























