বিয়ের দিন রাতেই বরের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকার অবস্থান, নববধূ নিয়ে উধাও যুবক

- প্রকাশের সময় : ০৪:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 46

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পারিবারিকভাবে বিয়ে করে নববধূ বাড়িতে আনার পরদিনই স্ত্রীর স্বীকৃতি ও অনাগত সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে বরের বাড়িতে অবস্থান নিয়েছেন এক অন্তঃসত্ত্বা তরুণী। এই ঘটনায় নববধূকে নিয়ে বাড়ি ছেড়ে আত্মগোপনে গেছেন ওমর ফারুক নামের ওই যুবক। উপজেলার চর লক্ষীদিয়া গ্রামে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চর লক্ষীদিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ওমর ফারুক বৃহস্পতিবার পারিবারিকভাবে বিয়ে করে নববধূকে বাড়িতে আনেন। বাড়িজুড়ে যখন বিয়ের আনন্দ চলছিল, সেদিন রাত ১০টার দিকে ওই তরুণী ফারুকের বাড়িতে এসে অবস্থান নেন এবং নিজেকে তার প্রেমিকা ও অন্তঃসত্ত্বা বলে দাবি করেন। শনিবার (২১ নভেম্বর) বিকেল পর্যন্ত তিনি ওই বাড়িতেই অবস্থান করছিলেন। পরে আইনি প্রতিকার পেতে রোববার তিনি ময়মনসিংহ শহরের উদ্দেশে রওনা হন।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে ওমর ফারুকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ফারুক তাকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় নিয়ে যান এবং সেখানে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। পরবর্তীতে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ফারুককে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু ফারুক নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন এবং একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দিয়ে বৃহস্পতিবার অন্যত্র বিয়ে করেন। খবর পেয়ে নিজের ও অনাগত সন্তানের সামাজিক স্বীকৃতির দাবিতে তিনি ফারুকের বাড়িতে ছুটে আসেন।
তবে অভিযোগের বিষয়ে ভিন্ন কথা বলছে ফারুকের পরিবার। বাড়িতে উপস্থিত ফারুকের বড় ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার দাবি করেন, নববধূকে বাড়িতে আনার পর রাতে ওই তরুণী এসে সম্পর্কের কথা জানালেও এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। বরং তিনি চিৎকার-চেঁচামেচি ও আত্মহত্যার হুমকি দিতে শুরু করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই তার দেবর নববধূকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চললেও আত্মগোপনে থাকায় ওমর ফারুকের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ওই নারীর অভিযোগ অনুযায়ী ঘটনার সূত্রপাত ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায়। ঘটনাস্থল ময়মনসিংহ সদর থানা এলাকার অধীনে হওয়ায় ভুক্তভোগীকে সেখানেই আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

























