তৃণমূলে তৎপরতা বাড়াতে বিএনপির বিশেষ টিম

- প্রকাশের সময় : ০৯:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 10

দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি। এ লক্ষ্যে পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
টিমের সদস্যরা ইতোমধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে সাংগঠনিক অবস্থা পর্যালোচনা, অভ্যন্তরীণ বিরোধ নিরসন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষ টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু। টিমকে সহযোগিতা করছেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন টিমের সদস্যরা। বৃহস্পতিবার ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার নেতাদের পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাংগঠনিক বিভাগের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করা হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।
দলীয় সূত্র জানায়, তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করা, কেন্দ্রের সঙ্গে জেলা-উপজেলা নেতৃত্বের যোগাযোগ বাড়ানো এবং রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের সতর্ক রাখাই এই টিমের মূল লক্ষ্য। একই সঙ্গে কোনো উসকানিতে পা না দেওয়া, সংঘাতে না জড়ানো এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে।
আগামী ডিসেম্বরকে সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় রাখতে কাজ করছে বিএনপি। এর আগে তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।

























