নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন

- প্রকাশের সময় : ১০:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 7

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিভাগের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ হয়েছে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’। বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ব্যবহারিক কোর্স ‘সিন ওয়ার্ক: ওয়েস্টার্ন ক্লাসিক ড্রামা’র সেমিস্টার ফাইনাল পরীক্ষার অংশ হিসেবে দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে নাটকটি পরিবেশিত হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির তত্ত্বাবধানে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার (বাধন)।
নাটকে প্রমিথিউস চরিত্রে অভিনয় করেন ইফানুর জামান স্নিগ্ধ। তিনি বলেন, এটি তার জীবনের প্রথম মঞ্চ অভিনয়। প্রায় চার মাস ধরে কোর্স শিক্ষকের নির্দেশনা ও প্রশিক্ষণে তারা নাটকটি প্রস্তুত করেছেন। এ অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে বলেও জানান তিনি।
নাটকের তত্ত্বাবধায়ক মাজহারুল হোসেন তোকদার বলেন, শিক্ষার্থীদের অধিকাংশই আগে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন না। তাদের জন্য এটি দলগত কাজের প্রথম অভিজ্ঞতা, একই সঙ্গে তার নিজের জন্যও ছিল নতুন অভিজ্ঞতা। ভবিষ্যতে থিয়েটার চর্চায় এ অভিজ্ঞতা শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, টিএসসি অডিটোরিয়ামের মঞ্চে আগে কখনো থিয়েটার পরিবেশিত হয়নি। নির্মাণাধীন ভবনে নাটক মঞ্চায়ন করাটা ছিল বড় চ্যালেঞ্জ।
দর্শক হিসেবে উপস্থিত ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সায়েন্স বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া মেহেরিন নাটকটির পরিবেশনার প্রশংসা করে শিক্ষার্থীদের শুভকামনা জানান।
আয়োজনের সহযোগিতায় ছিল রোভার স্কাউট। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা দর্শক হিসেবে উপস্থিত ছিলেন।





















