জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই ভারতীয় পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

- প্রকাশের সময় : ০১:৪৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 12

ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় নিখোঁজ হওয়ার একদিন পর দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলার দুর্গম ডাচ্ছান এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের সঙ্গে থাকা সরকারি অস্ত্রের কোনো হদিস মেলেনি।
নিহত দুই কর্মকর্তা হলেন বাবি চাঁদ (৫৭) ও রাশপাল কুমার (৪৫)। তারা স্থানীয় পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের (এসওজি) সদস্য ছিলেন। তারা ডাচ্ছান এলাকার কিয়ার গ্রামে কর্মরত ছিলেন।
কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম টামস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার তারা কিয়ার এলাকা থেকে মারওয়াহ সেক্টরের একটি সেনা পোস্টের উদ্দেশে রওনা হয়েছিলেন। সেখানে দায়িত্বে থাকা সেনাসদস্যদের সঙ্গে দায়িত্ব বদলের কথা ছিল তাদের। তবে নির্ধারিত স্থানে পৌঁছাননি তারা। পরে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলে তল্লাশি অভিযান শুরু হয়।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দেহারনা বনাঞ্চলের কাছে গুলির শব্দ শোনা যায়। এরপর বিষয়টি নিরাপত্তা বাহিনীকে জানানো হয়।
নিখোঁজ দুই কর্মকর্তার সন্ধানে ভারতীয় সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও স্থানীয় পুলিশ যৌথভাবে দুর্গম পাহাড়ি ও বনাঞ্চলে অভিযান চালায়। এরপরেই তাদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হলো।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
























