ফারহানের গোলটি নেইমার নাকি মেসির মতো

- প্রকাশের সময় : ১১:৩০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 2

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফেসবুক পেজে গোলটির ভিডিওর ক্যাপশন ছিল এক শব্দের, ‘ম্যাজিক’। জাদু যিনি দেখিয়েছেন, তাঁর নাম ফারহান আলী ওয়াহিদ। রাতারাতি নামটি পরিচিত হয়ে গেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে কত সাধ-আহ্লাদ!কেউ লিখেছেন, ফারহান আলী ওয়াহিদ ‘মেসি’। কেউ আবার নামের মাঝখানটা বাদ দিয়ে শুধু ফারহান ‘মেসি’ লিখেছেন। নেইমারের সঙ্গে মিলিয়ে কেউ কেউ ডাকছেন ফারহান জুনিয়র।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
এত সব নামের পেছনে কারণ একটাই। শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান এমন একটি গোল করেছেন, যা বাংলাদেশের ফুটবলপ্রেমীরা নিজেদের দলের কাছ থেকে খুব বেশি দেখেননি।ইউরোপিয়ান ফুটবলে এমন গোল দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে এ দেশের মানুষ। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারদের পায়ের জাদুতে মজেছে কত রাত। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ফুটবলও সাম্প্রতিক সময়ে সেই তালিকায় যুক্ত হয়েছে। সেখানে দুর্দান্ত কোনো গোল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা, তুলনা, তর্ক।আর নিজেদের ফুটবল? সেখানে ছিল অপেক্ষা। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার সেই আকুলতা, ‘দেখিস একদিন আমরাও…।’ ফারহান যেন কথাটা রেখেছেন। তাই এখন বলা যায়, ‘দেখুন, এখন আমরাও…।’
দেশের একটু বয়স্ক ফুটবলপ্রেমীদের নিশ্চয়ই মনে আছে, সত্তর, আশি কিংবা নব্বইয়ের দশকের শুরুর দিকেও এ দেশের ক্লাব ফুটবল কতটা জমজমাট ছিল। কাজী সালাউদ্দিন, এনায়েত, মোনেম মুন্না, কায়সার হামিদ, রুমি, সাব্বিরদের খেলা দেখেছেন তাঁরা। গল্পে গল্পে ফিরে আসে সেই সময়ের কত স্মৃতি। মাঝমাঠ থেকে রকেটগতির শটে গোল। কিংবা বল পায়ে একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে ‘বাংলার ম্যারাডোনা’ সাব্বিরের গোল।আহা, সাব্বির! যাঁরা তাঁকে দেখেননি, বড়দের মুখে গল্প শুনে নিশ্চয়ই আফসোস হয়েছে তাঁদের। ইশ্, যদি একবার দেখতে পেতাম!
ফারহানের গোল দেখে সেই আফসোস কি একটু হলেও কমবে? উইং দিয়ে তাঁর ছুটে যাওয়া, একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে চলা দেখে বড়দের কি মনে পড়েছে সাব্বিরকে? গড়নে দুজনেই তো ছোটখাটো। আরেকটু দুঃসাহস দেখিয়ে বললে, মেসিও তো তাই!শ্রীলঙ্কার বিপক্ষে গোলটির রিপ্লে দেখানোর সময় বাংলাদেশের এক টিভি চ্যানেলের ধারাভাষ্যকারের মুখেও শোনা গেছে মেসির নাম, ‘আমার লিওনেল মেসিকে কেন মনে পড়ছে?!’এ প্রশ্ন শুধু ওই ধারাভাষ্যকারের নয়। গত রাতে আসলে গোটা বাংলাদেশের মনেই একই প্রশ্ন জেগেছে। কারণ, গোলটির মান মেসি কিংবা নেইমারের সঙ্গে তুলনা করার মতোই।
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
মোটেও বাড়িয়ে বলা নয়। ইউরোপিয়ান ফুটবলে এমন গোল প্রায়ই দেখা যায়। সেসব গোলের পরও আলোচনায় আসেন মেসি, রোনালদো কিংবা নেইমার। তাঁদের মানদণ্ডেই বিচার করা হয় অন্যদের। তাহলে ফারহান বাদ পড়বেন কেন?
চলুন, গোলটিতে আরেকবার ফিরে যাওয়া যাক। বাঁ প্রান্তে শমিত সোমের কাছ থেকে বল পেলেন ফারহান। সামনে বেশ জায়গা। বক্সের বাঁ পাশ বন্ধ করতে এগিয়ে এলেন শ্রীলঙ্কার এক ডিফেন্ডার। বাংলাদেশের ফুটবলে এমন পরিস্থিতিতে সাধারণত বল একটু এগিয়ে নিয়ে ক্রস করতে দেখা যায়। ফারহানের মাথায় ছিল অন্য পরিকল্পনা। কুশলী উইঙ্গাররা যেমন করেন, বল পায়ে তিরবেগে ছুটলেন বক্সের দিকে। সেখানে দুই দিক থেকে তাঁকে ঘিরে ধরলেন দুই লঙ্কান ডিফেন্ডার। আর ঠিক তখনই ঘটল সেই জাদু। ইনসাইড-আউটসাইড ডজ। ফুটবলের পুরোনো লাতিন কৌশল। বুটের ভেতরের অংশের ছোট্ট এক টোকায় প্রতিপক্ষকে বোকা বানানোর খেলা। পাড়ার মাঠ থেকে শীর্ষ পর্যায়ের ফুটবল, সর্বত্রই এই কৌশলের ব্যবহার আছে। তবে ফারহানের পরিস্থিতি ছিল একটু আলাদা।দুই পাশ থেকে দুই ডিফেন্ডার তাঁকে ঘিরে ধরেছেন। বল বের করার পথ বলতে সুয়েজ খালের মতো সরু একটি চ্যানেল। ডান পাশের ডিফেন্ডার আর সামনে কোনাকুণি দাঁড়িয়ে থাকা আরেক ডিফেন্ডারের মাঝখানের সেই সামান্য জায়গাটুকু চোখে পড়েছিল ফারহানের। ডান পায়ের টোকায় বলটা নিয়ে গেলেন বাঁ পায়ে। খুলে গেল পথ। এরপর বাঁ পায়ের টোকায় সেই সরু জায়গা দিয়ে বল বের করে সামনে এগিয়ে গেলেন। আরেক ডিফেন্ডার পা বাড়ালেন। এবার দৌড়ের মধ্যেই ডান পায়ের টোকায় বল নিয়ন্ত্রণে নিলেন ফারহান।
সেই মুহূর্তে কারও কারও মনে পড়ে যেতে পারে পেপ গার্দিওলার বার্সেলোনার মেসিকে। কিংবা সেই বার্সার নেইমারকে। দুজনই নিজেদের সেরা সময়ে এভাবেই প্রতিপক্ষের রক্ষণ ছিন্নভিন্ন করে ঢুকে পড়তেন বক্সে। ফারহানের শট নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কারণ, জাদুর কাজটা ততক্ষণে শেষ।এরপর গোল। আর হামজার মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকা অবিশ্বাসী চোখ দুটি। মেসি কিংবা নেইমারের অবিশ্বাস্য গোলের পর তাঁদের সতীর্থদের মুখেও তো এমন বিস্ময় দেখা গেছে কতবার!





















