রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি

- প্রকাশের সময় : ০৭:৩৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 3

নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানবাহনের নিরাপত্তা জোরদারে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশের টহল ও নজরদারি।
বুধবার (১১ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আওতায় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহজনক চলাচলের ওপরও নজরদারি করা হচ্ছে।
মো. আকতার হোসেন বলেন, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে। নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধে ডিএমপির এ তৎপরতা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নগরবাসীর জানমাল ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ তল্লাশি, টহল ও নজরদারিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।























