১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে

- প্রকাশের সময় : ০২:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 5

২০২৭ সালের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করেছে সরকার। শুল্কের পরিমাণ যা-ই হোক না কেন, এ নিয়ম কার্যকর হবে। তবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ-চালানের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও স্ট্যাম্প শুল্ক পরিশোধ করা যাবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
দ্য স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯-এর ১১এ ধারা এবং দ্য স্ট্যাম্প ডিউটিজ (অ্যাডিশনাল মোডস অব পেমেন্ট) অ্যাক্ট, ১৯৭৪-এর ২(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিবন্ধনযোগ্য দলিলের স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধের ক্ষেত্রে দলিল লেখার জন্য কার্টিজ পেপার ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রারের কাছে দলিল উপস্থাপনের সময় শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে।
পাশাপাশি দলিলের প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধসংক্রান্ত এ-চালান নম্বর উল্লেখ করতে হবে। বিমা পলিসির ওপর প্রযোজ্য স্ট্যাম্প শুল্কের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে বিমা পলিসির সঙ্গে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। রসিদে সংশ্লিষ্ট বিমা পলিসির শনাক্তকরণ নম্বর এবং বিমা পলিসির প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধের এ-চালান নম্বর উল্লেখ করতে হবে।
এ ছাড়া একযোগে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রে প্রত্যেকের নাম ও শনাক্তকরণ নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। এ ক্ষেত্রে প্রযোজ্য অনুযায়ী করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন), জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) অথবা ট্রেড লাইসেন্স নম্বর দিতে হবে।
সরকারের আশা, নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধ পদ্ধতি এ-চালানের আওতায় আনার ফলে প্রচলিত ইমপ্রেসড ও অ্যাডহেসিভ স্ট্যাম্প মুদ্রণ, সংরক্ষণ ও বিতরণ এবং কমিশন বাবদ বিপুল অর্থ সাশ্রয় হবে। একই সঙ্গে জাল স্ট্যাম্প বিক্রির সুযোগ বন্ধ হবে এবং রাজস্ব আয় বাড়বে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
























