হামের টিকা কেনায় বিলম্ব ও অনিয়মের কারণ খতিয়ে দেখতে কমিশন গঠন

- প্রকাশের সময় : ১২:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 15

অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ অনুসন্ধান ও দায়দায়িত্ব নির্ধারণে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার।
বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আমলে টিকা ক্রয় ও বিতরণে ঘটে যাওয়া অনিয়ম এবং ব্যর্থতার বিষয়গুলো খতিয়ে দেখবে কমিশন।
কমিশনের সভাপতি করা হয়েছে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।
কমিশনকে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়দায়িত্ব চিহ্নিত করবে কমিশন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশও করবে।
তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে কমিশন। এ ছাড়া দেশের যেকোনো স্থান পরিদর্শনের ক্ষমতাও দেওয়া হয়েছে। কমিশনকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে স্বাস্থ্যসেবা বিভাগ।
























