হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি

- প্রকাশের সময় : ১০:১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 9

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, যাত্রাবাড়ী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি হত্যা মামলায় (মামলা নম্বর ২৩) ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।
এদিকে ডিবিসি নিউজের আরেক সাংবাদিক রাজিব ঘোষকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা তা অস্বীকার করেন। তিনি জানান, রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে আনা হয়নি। তবে ডিবি সূত্রে জানা গেছে, মুচলেকা দিয়ে কিছুক্ষণের মধ্যেই ছাড়া পেতে পারেন তিনি।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি টেলিভিশনের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
























