গণভোটের রায় বাস্তবায়ন না হলে এক দফার ডাক দেওয়া হবে: শফিকুর রহমান

- প্রকাশের সময় : ১১:১৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 18

গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে প্রয়োজনে এক দফার আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমরা কথা দিচ্ছি, আপনাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।’
শনিবার রাত ৮টা ৪৮ মিনিটে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে প্রবেশ করে এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব তাঁকে শুভেচ্ছা জানান।
১১ দলীয় জোটের সাত দফা দাবি আদায়ে আয়োজিত লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জে পৌঁছে দুই মিনিটের বক্তব্যে জামায়াতের আমির বলেন, ‘আপনারা সবাই জানেন, আমরা কেন রাস্তায় নেমেছি। এ দাবি আমাদের দলের নয়, এ দাবি জনগণের। জনতার দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমরা রাস্তায় নামতে চাইনি। কিন্তু সরকার আপনাদের অপমানিত করেছে। গণভোটে ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা অগ্রাহ্য করা হয়েছে।’
তিনি বলেন, ‘এই একটি দাবি বাস্তবায়ন হলে বাকি ছয় দফাও স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হয়ে যাবে। গণভোটের রায় বাস্তবায়ন হলে দেশে কোনো চাঁদাবাজ থাকত না, সন্ত্রাস ও অন্যায় থাকত না। সরকার দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। দাবি আদায়ে প্রয়োজনে আমরা এক দফার ডাক দেব।’
আন্দোলনের বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘আন্দোলনের যখন ডাক আসবে, আমি কথা দিচ্ছি, আমরা জনগণকে ধোঁকা দেব না। জনগণের অধিকার জনগণের হাতেই তুলে দিতে চাই।’
আল-কোরআনের একটি আয়াত উল্লেখ করে জামায়াতের আমির বলেন, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। দেশের মৌলিক সমস্যা দুর্নীতি ও অযোগ্যতা উল্লেখ করে তিনি বলেন, ‘এই দুই সমস্যার কবর রচনা করতে চাই। আমরা একসঙ্গে লড়াই চালিয়ে যাব, ইনশাআল্লাহ। বিজয় জনগণের হবে, ইনশাআল্লাহ।’
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারসংকট নিরসন এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে এ কর্মসূচি পালন করছে ১১ দলীয় জোট।
এর আগে লংমার্চের অগ্রভাগে থাকা ডাকসুর ভিপি সাদিক কায়েম কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে বক্তব্য দেন। এ সময় তিনি হাদি হত্যার বিচার দাবি করেন।
পথসভায় জামায়াত নেতা ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘চাটুকারদের কথায় নয়, ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করুন। আমরা আপনাদের সহযোগিতা করব।’




















