জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’ হবে: রাশেদ খাঁন

- প্রকাশের সময় : ০৩:৫৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 15

জামায়াতে ইসলামীর জোট থেকে বেরিয়ে আসার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তাঁর মতে, শিগগিরই জামায়াতের জোট ছাড়তে পারে এনসিপি। বিষয়টি হবে অনেকটা ‘পিসফুল ডিভোর্সের’ মতো।
শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এমন সম্ভাবনার কথা জানান রাশেদ খাঁন। তিনি লেখেন, এনসিপির কয়েকজন নেতাকর্মী তাঁকে জানিয়েছেন, এখনই আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও শিগগিরই জামায়াতের জোট থেকে বেরিয়ে আসতে পারে দলটি।
রাশেদ খাঁন বলেন, এনসিপির গণবিক্ষোভে আসিফ মাহমুদের বক্তব্য থেকেও বিষয়টি কিছুটা স্পষ্ট হয়েছে। ওই কর্মসূচিতে ৩১ অক্টোবরের লংমার্চের পক্ষে তেমন কারও বক্তব্য তাঁর চোখে পড়েনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর এনসিপির গণবিক্ষোভে কয়েক হাজার মানুষের উপস্থিতি দেখা গেছে। জামায়াতের সঙ্গে জোট গঠনের পর দলটির কর্মসূচিতে উল্লেখযোগ্য লোকসমাগম হচ্ছিল না। তাঁর মতে, দীর্ঘ বিরতির পর এই উপস্থিতি এনসিপির স্বতন্ত্র রাজনীতির জন্য আশাব্যঞ্জক।
রাশেদ খাঁনের ভাষ্য, এনসিপি এভাবে স্বতন্ত্রভাবে রাজনীতি করতে পারলে আগামী এক বছরের মধ্যে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। এমনকি আওয়ামী লীগের রাজনৈতিক শূন্যতা পূরণেও সক্ষম হতে পারে দলটি। আগামী জাতীয় নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।
তিনি বলেন, জামায়াতের জোটে থেকে এনসিপির পক্ষে প্রধান বিরোধী দল হওয়া সম্ভব নয়—এ উপলব্ধি দলটির অনেক নেতাকর্মীর মধ্যে তৈরি হয়েছে। তবে স্বতন্ত্র রাজনীতির পথে দলটির আটজন সংসদ সদস্য বড় বাধা হতে পারেন বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, আগামী নির্বাচনেও জামায়াতের ভোটে সংসদ সদস্য হওয়ার আশায় তাঁদের কেউ কেউ জোটের রাজনীতি ধরে রাখতে চান। অন্যদিকে এনসিপির অধিকাংশ নেতাকর্মী স্বতন্ত্র রাজনীতির পক্ষে।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, এনসিপির প্রাথমিক সিদ্ধান্ত শেষ পর্যন্ত চূড়ান্ত হয়, নাকি দলটি জামায়াতের জোটেই থেকে যায়, তা দেখার বিষয়।



















