মধুখালীতে ১৮টি দুর্গাপূজা মণ্ডপে অনুদান

- প্রকাশের সময় : ০৯:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 5
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে ১৮টি দুর্গাপূজা মণ্ডপ এবং অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে ৫০ হাজার টাকা নগদ আর্থিক অনুদান বিতরণ করেছে সামাজিক ও ক্রীড়া সংগঠন ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানবমীর পুণ্যক্ষণে সংগঠনটির উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা ইউনিয়নের ১৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপগুলোর ধর্মীয় কার্যক্রমে সহযোগিতার পাশাপাশি অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেন।
ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহ মোহাম্মদ আজাদ মাহবুব বিপ্লবের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে ধারণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান সংগঠনের নেতারা।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহ মোহাম্মদ আজাদ মাহবুব বিপ্লব বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই সমাজের মানুষ। একে অপরের আনন্দে শরিক হওয়া এবং বিপদে পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার। মহানবমীর শুভক্ষণে শারদীয় দুর্গাপূজার ধর্মীয় কার্যক্রমে সাধ্যমতো সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। আমি বিশ্বাস করি, মানুষের কল্যাণে সামান্য সহযোগিতাও ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।”
সংগঠনের সদস্যরা গভীর রাত পর্যন্ত ডুমাইন ইউনিয়নের ১৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং এ সহযোগিতামূলক কার্যক্রম সম্পন্ন করেন।























