কোটালীপাড়ায় বিজয়া দশমীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, নদীর দুই পাড়ে জনসমুদ্র

- প্রকাশের সময় : ০৮:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 9
শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ। বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাঘর নদীতে অনুষ্ঠিত এ নৌকাবাইচ ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে সমবেত হন কয়েক হাজার দর্শনার্থী।
দেড় শতাধিক বছরের ঐতিহ্য বহনকারী এ নৌকাবাইচের বিশেষত্ব হলো, কোনো ব্যক্তি বা সংগঠনের আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই প্রতিবছর বিজয়া দশমীর দিনে এটি অনুষ্ঠিত হয়। এবার প্রতিযোগিতায় অংশ নেয় ১৪টি বাচারি নৌকা।
নৌকাবাইচ উপভোগ করতে কোটালীপাড়া ও আশপাশের এলাকার পাশাপাশি মাদারীপুর, বাগেরহাট ও বরিশাল থেকেও অসংখ্য দর্শনার্থী আসেন। ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় সম্প্রীতির মিলনমেলায়।
ঐতিহ্যবাহী এ আয়োজনকে কেন্দ্র করে প্রতিবছর দূরদূরান্তে কর্মরত কোটালীপাড়ার অনেক বাসিন্দা পরিবার নিয়ে গ্রামে ফেরেন। গ্রামীণ সংস্কৃতি ও উৎসবের আনন্দে মেতে ওঠেন তাঁরা।
কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, ‘কথিত আছে, প্রায় দেড়শ বছর আগে যশোরের বিঘাপতির জমিদার খাজনা আদায়ের সুবিধার্থে বিজয়া দশমীর দিনে ঘাঘর নদীতে মেলা ও নৌকাবাইচের আয়োজন করেছিলেন। সেই থেকে প্রতিবছর দুর্গাপূজার সময় এখানে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এতে সব ধর্মের মানুষ অংশ নেন।’
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেন, ‘নদী, খাল ও বিলবেষ্টিত কোটালীপাড়ার বিভিন্ন স্থানে শত বছর ধরে বিশ্বকর্মা, দুর্গা ও লক্ষ্মীপূজা উপলক্ষে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এসব প্রতিযোগিতা আয়োজনের জন্য কাউকে উদ্যোগ নিতে হয় না, এমনকি কোনো পুরস্কারও দেওয়া হয় না। এটি কোটালীপাড়ার একটি ব্যতিক্রমী ঐতিহ্য।’
ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ ভবিষ্যতেও টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সংসদ সদস্য এস এম জিলানী।



















