এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে

- প্রকাশের সময় : ০৯:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 6
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডসংশ্লিষ্ট সূত্র। সম্ভাব্য এ তারিখে ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আলোচনা হতে পারে।
ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ডসংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বর্তমানে চীনে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর আগামী ২৩ ও ২৪ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হবে। তবে ২৯ অক্টোবরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আশা করা হচ্ছে, ওই দিনই ফল প্রকাশ করা হবে।
যেভাবে দেখবেন এইচএসসি পরীক্ষার ফল
ফল সংগ্রহের জন্য পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হবে না। অনলাইন এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।
১. অনলাইনে ফলাফল দেখার নিয়ম
ব্যক্তিগত ফলাফল দেখতে শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা: https://educationboardresults.gov.bd
এরপর ‘Result’ বিভাগে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যেমন—
পরীক্ষার নাম নির্বাচন করতে হবে।
পরীক্ষার্থীর রোল নম্বর দিতে হবে।
রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করতে হবে।
সব তথ্য সঠিকভাবে পূরণ করে ফলাফল দেখার অপশনে ক্লিক করলেই ফল জানা যাবে। পাশাপাশি প্রাপ্ত নম্বরের মার্কশিটও দেখা বা ডাউনলোড করা যাবে, যদি তা ওয়েবসাইটে উপলভ্য থাকে।
২. শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল সংগ্রহ
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। এ পদ্ধতিতে একটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর ফলাফল একসঙ্গে ডাউনলোড করা যাবে।
৩. এসএমএসে ফল জানবেন যেভাবে
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে নির্ধারিত নিয়মে খুদে বার্তা পাঠাতে হবে।
এসএমএস লেখার নিয়ম:
HSC Board Name (First 3 Letters) Roll 2026
বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ হিসেবে, ঢাকা শিক্ষা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে—
HSC DHA 123456 2026
এরপর বার্তাটি ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানানো যাবে।
চলতি বছর দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন।
তবে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখটি এখনো সম্ভাব্য। শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হলে চূড়ান্ত তারিখ নিশ্চিত হওয়া যাবে।




















