নওগাঁর সাপাহার সীমান্তে ১২ বোতল ভারতীয় মদ জব্দ

- প্রকাশের সময় : ১১:২৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 8
নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার উত্তর পাতারী এলাকায় এ অভিযান চালানো হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ভোর সাড়ে ৩টার দিকে আদাতালা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুল রাজ্জাকের নেতৃত্বে বিজিবির একটি দল উত্তর পাতারী এলাকায় অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মদের বোতল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন ১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্য সাপাহার থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।























