নওগাঁয় নবমীর রাত পর্যন্ত ১২৮ পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য ধলু

- প্রকাশের সময় : ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 4
শারদীয় দুর্গোৎসবের শুরু থেকে নবমীর রাত পর্যন্ত নওগাঁ সদর উপজেলার ইউনিয়ন ও পৌর এলাকার ১২৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সফরসঙ্গী ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি রানা এবং জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় পূজা উদ্যাপন কমিটির সদস্য ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এদিকে, দুর্গোৎসব ঘিরে নওগাঁ শহরের বিভিন্ন পূজামণ্ডপে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা যায়। দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা হেঁটে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করেন।
উৎসবে আসা দর্শনার্থীদের চিকিৎসাসেবা দিতে শহরের তিনটি স্থানে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প স্থাপন করা হয়। এর মধ্যে শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী বুড়া কালীমাতা মন্দিরেও একটি ক্যাম্প ছিল। এসব ক্যাম্প থেকে প্রায় পাঁচ হাজার দর্শনার্থীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে পরিচালনা করা হয় মনিটরিং সেল। এর মাধ্যমে উৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম চালানো হয়।
এ ছাড়া পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিপুলসংখ্যক বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসি এবং নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। তাঁরা নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে কঠোর নির্দেশনা দেন।























