পদ পাইয়ে দেওয়ার নামে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে অব্যাহতি

- প্রকাশের সময় : ১২:১৭:১১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 1
কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বিভিন্ন কমিটিতে পদ পাইয়ে দেওয়ার কথা বলে এক লাখ টাকা ও তিনটি খাসি নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালনের জন্য উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, বিএনপির বিভিন্ন কমিটিতে পদ পাইয়ে দেওয়ার কথা বলে রমিজ উদ্দিনের আর্থিক সুবিধা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
অভিযোগের সূত্রপাত ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মো. মোসলেম মোল্লার বক্তব্য থেকে। তাঁর অভিযোগ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার কথা বলে রমিজ উদ্দিন লন্ডনী তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেন। এ ছাড়া তাঁকে তিনটি খাসি উপহার দেন। এ-সংক্রান্ত প্রমাণ তাঁর কাছে রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন মোসলেম।
এ ঘটনায় সোমবার (১৯ অক্টোবর) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেমের কাছে লিখিত অভিযোগ দেন মোসলেম মোল্লা। অভিযোগটি নিরপেক্ষভাবে যাচাই করে সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এর আগে, ২০২৪ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় রমিজ উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে ক্ষমা চেয়ে আবেদন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার পর তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
এদিকে, রমিজ উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার খবর ফেসবুকে প্রকাশিত হলে মেঘনা উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেমকে ধন্যবাদ জানান। তাঁরা যুগান্তরকে বলেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একজন নেতাকে দায়িত্বশীল পদ থেকে সরিয়ে দিয়ে প্রশংসিত হয়েছেন আবুল হাসেম। আব্দুল অদুদ মুন্সিকে আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় মেঘনা উপজেলা বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
সদ্য দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি বলেন, ‘দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করব। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে দলকে আরও শক্তিশালী করাই হবে আমার প্রধান লক্ষ্য।’
























