কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা
- প্রকাশের সময় : ০৮:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 44
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়। অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) পরিচালিত এ অভিযানে বিভিন্ন মিষ্টির দোকান, দইয়ের দোকান, হোটেল ও এলপিজি গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় আইন লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানের অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোতে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিষয়গুলো যাচাই করা হয়।
পাশাপাশি ব্যবসায়ীদের সঠিক মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের ন্যায্যমূল্য বজায় রাখা, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ বা ভাউচার সংরক্ষণ ও ক্রেতাদের তা দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন কালীগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর (অতিরিক্ত দায়িত্ব) মোক্তার হোসেন। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল।
বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।























