মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক
- প্রকাশের সময় : ১০:০০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 10
রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন সামনে রেখে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. হামিদুর রহমান বাবু মোল্লার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বাগগাড়ী নুরজাহান খলিল হাফিজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মাঠে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নুরুর আহমেদ মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী মো. হামিদুর রহমান বাবু মোল্লা।
বৈঠকে বিএনপি নেতা মো. আজমল হোসেন চুন্নু, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, হাজী জালাল উদ্দিন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের মাজবাড়ী ইউনিয়ন সভাপতি ও সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মোটনসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় এবং তাঁদের সমস্যা ও প্রত্যাশা জানতে উঠান বৈঠকের আয়োজন করা হচ্ছে। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. হামিদুর রহমান বাবু মোল্লা বলেন, নির্বাচিত হলে মাজবাড়ী ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করবেন। শীতার্তদের গরম কাপড় দেওয়া, আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং অসহায় মানুষের চিকিৎসায় সহযোগিতার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, প্রতিটি গ্রামে খেলাধুলার পরিবেশ সৃষ্টি, যুবসমাজকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকের বিস্তার রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। মাজবাড়ী ইউনিয়নকে মাদকমুক্ত, উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






















