জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের
- প্রকাশের সময় : ১০:০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 5
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের জয় নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে পুরোনো রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘জামায়াত এবং আওয়ামী লীগের পুরোনো প্রেম আবার জাগ্রত হয়েছে বলে মানুষ মনে করছে।’
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঝিনাইদহের নতুন হাটখোলা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ‘আমরা সেই অতীত প্রেমের ইতিহাস, চিঠি লেখার ইতিহাস ভুলে যাইনি। জামায়াত এবং আওয়ামী লীগের পুরোনো প্রেম রয়েছে। পুরোনো প্রেম আবার জাগ্রত হয়েছে বলে মানুষ মনে করছে।’
ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের নির্বাচনে জয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আদৌ কি তারা নির্বাচনে পাশ করেছিলেন? সেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিভিন্ন গণমাধ্যমে আমরা সংবাদ দেখেছি। এটি নিয়ে মানুষের মধ্যে মতপার্থক্য রয়েছে।’
তিনি আরও বলেন, ‘মানুষ বিশ্বাস করে না যে, জামায়াতের আমির এবং নাহিদ ইসলাম জনগণের ভোটে পাশ করে জাতীয় সংসদে গেছেন। বরং মানুষের মনে সন্দেহ রয়েছে যে, জামায়াত ও এনসিপিকে একটি বৃহৎ বিরোধী দল বানানোর জন্য অন্তর্বর্তী সরকারের এক ধরনের মেকানিজম ছিল।’
রাশেদ খাঁন প্রশ্ন তুলে বলেন, অতীতে যে দল সর্বোচ্চ ১৮টি আসন পেয়েছিল, তারা কীভাবে এবার ৭৭টি আসন পেল—এ নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে।
বিএনপির প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপিই সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে বলে তিনি মনে করেন। তাঁর ভাষ্য, ‘গুম-খুনের শিকার হয়েছে বিএনপি। তাহলে কীভাবে বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়?’
এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















