‘আওয়ামী লীগ আমলে মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে’

- প্রকাশের সময় : ০৭:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 6

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
শনিবার বিকেলে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের বাউশিয়া-শ্রীনগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, বিগত ১৭ বছরে দেশ থেকে প্রায় ৩০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিগত ফ্যাসিবাদী আমলে দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। আমরা কোনো দলীয়করণ বা রাজনীতিকরণ করব না। এখন থেকে শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতাকে প্রাধান্য দেওয়া হবে এবং সবার কাছে স্বচ্ছ জবাবদিহিতা থাকবে।
তিনি আরও বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের কারণে আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন ও প্রত্যাখ্যাত হয়ে নিষিদ্ধ হয়েছে। জনগণের মন থেকে তারা মুছে গেছে এবং তাদের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে বা আত্মগোপনে চলে গেছে।
বর্তমান সরকার ন্যায়নীতি ও সততার সাথে বিধ্বস্ত অর্থনীতিকে টেনে তুলে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নাশকতা রুখতে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বী, ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, মনিরুল ইসলাম মনির, আসাদুজ্জামান কাজলসহ জেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বাউশিয়া সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নজরপুর ইউনিয়নের বালুয়া ঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খায়রুল কবির খোকন। সড়ক ও জনপথ এবং স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে চরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই দুটি ব্রিজ।
























