রাজবাড়ীতে ব্যতিক্রমী শ্রাদ্ধ: আপ্যায়নের বদলে সাড়ে ৩ লাখ টাকা মানবিক সহায়তা

- প্রকাশের সময় : ০৭:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 13

প্রচলিত ধর্মীয় রীতিনীতি অনুযায়ী প্রয়াত ব্যক্তির আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধানুষ্ঠানে সাধারণত অতিথিদের সাধ্যানুযায়ী আপ্যায়ন করা হয়। তবে এই প্রথার বাইরে গিয়ে রাজবাড়ীতে এক ব্যতিক্রমী শ্রাদ্ধের আয়োজন করেছে একটি পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বড় কোনো ভোজের পরিবর্তে ছয়টি সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও একজন ক্যানসার আক্রান্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
প্রয়াত ওই নারীর নাম দেবাহুতি চক্রবর্তী। তিনি রাজবাড়ী জেলার প্রথম নারী আইনজীবী ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, গণতান্ত্রিক আইনজীবী সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি এবং রাজবাড়ী ক্যানসার সোসাইটির আমৃত্যু সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় দেবাহুতি চক্রবর্তীর বাসভবন ‘আনন্দ কুটিরে’ এই সহায়তা প্রদান ও স্মরণসভার আয়োজন করা হয়। তাঁর ছোট ভাই ধূর্জটি চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা প্রয়াতের বর্ণাঢ্য জীবন, কর্ম ও মানবিক অবদানের স্মৃতিচারণ করেন।
তাঁর কর্মময় জীবন ও অবদান:
দেবাহুতি চক্রবর্তী আমৃত্যু রাজবাড়ীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, শিশুদের সৃজনশীল বিকাশের প্রতিষ্ঠান ‘আবোল তাবোল শিশু সংগঠন’ এবং ক্যানসার রোগীদের সহায়তায় গঠিত ‘রাজবাড়ী ক্যানসার সোসাইটির’ জেলা কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা. পূর্ণিমা দত্ত, সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা, আন্দোলন বিষয়ক সম্পাদক শায়লা তাবাসসুম নেওয়াজ, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সহসভাপতি ফকীর শাহাদত হোসেন, রাজবাড়ী আইনজীবী সমিতির সাবেক সভাপতি শফিকুল আজম মামুন, কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, ক্যানসার সোসাইটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, অ্যাডভোকেট নাজমা সুলতানা ও কবি ফারহানা মিনি প্রমুখ।
পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন দেবাহুতি চক্রবর্তীর ভাই ভাস্কর চক্রবর্তী, বোন ডা. বন্দনা চক্রবর্তী, ভাইয়ের স্ত্রী অমিতা চক্রবর্তী, ঈশানী চক্রবর্তী ও চিন্ময়ী চক্রবর্তী।
পরিবারের সদস্যরা বলেন, “দিদি সব সময় মানুষের কথা ভাবতেন। কীভাবে মানুষের উপকার করা যায়, সেই চিন্তাই ছিল তাঁর কাজের মূল প্রেরণা। তিনি ছিলেন সাহসী, সত্যনিষ্ঠ, সংস্কৃতিমনা, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চিন্তা-চেতনার অধিকারী। তাঁর জীবনদর্শনের প্রতি শ্রদ্ধা জানিয়েই প্রচলিত পারলৌকিক কাজের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন ও কল্যাণমূলক কাজে অর্থ সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, ক্যানসারে আক্রান্ত হয়ে গত ৩০ অক্টোবর বিকেল ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেবাহুতি চক্রবর্তী মারা যান। মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়।























